বাংলা হেডলাইনস রাঙ্গামাটিঃ পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়িত না হলে পাহাড়ে নারীদের ক্ষমতায়ন ও উন্নয়ন প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের বাস্তবতার আলোকে পাহাড়ের মানুষ একটা অনিরাপদ জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। এখানকার আইন-শৃংখলা পরিস্থিতি অনুকুলে নয়। তাই এরকম পরিস্থিতিতে এসব প্রকল্প বাস্তবায়নে একটা বড় বাধা। তবে পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়িত হলে পাহাড়ের নারীদের উন্নয়ন ও ক্ষমতায়ন বৃদ্ধি পাবে।
মঙ্গলবার রাঙ্গামাটি পর্যটন হল রুমে আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য আমাদের ভবিষ্যত শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের প্রধান লেনসে টারিংক, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, চাকমা সার্কেল চীফ দেবাশীষ রায়, নারী প্রগতি সংঘের প্রধান রোকেয়া কবির প্রমুখ। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি- বেসরকারি সংস্থার কর্মকর্তারা অংশ নেন।
আলোচনা সভা শেষে অতিথিরা মঙ্গল প্রদীপ জ্বালিয়ে প্রকল্পের উদ্ধোধন করেন।উল্লেখ্য, নেদারল্যান্ড ভিত্তিক উন্নয়ন সংস্থা সীমাভির অর্থায়নে নারী প্রগতি সংঘের সহযোগিতায় চার বছরের জন্য তিন পার্বত্য জেলার ১০টি উন্নয়ন সংস্থার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের কিশোরী ও যুব নারীদের ক্ষমতায়ন ও সচেতনা বৃদ্ধিতে কাজ করবে।