বাংলা হেডলাইনস বগুড়া : জাতীয় আয়কর দিবসে বগুড়ায় বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে কর অঞ্চল বগুড়া। সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে র্যালির উদ্বোধন করেন, জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ ও কর কমিশনার স্বপন কুমার রায়। কর প্রদানে স্বতস্ফুর্ত অংশগ্রহণ, নিশ্চিত হোক রূপকল্প বাস্তবায়ন, আয়করের প্রবৃদ্ধি দেশ ও দশের সমৃদ্ধি শ্লোগানে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, কর প্রদানে ভীতি দূর করে সবাইকে কর দেয়ার জন্য অনুপ্রাণিত করতে হবে। সেক্ষেত্রে কর্মকর্তাদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে যাতে করে মানুষ সহজেই কর দিতে পারে। যারা কর প্রদান করছে না তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে।
কর অঞ্চল বগুড়ার কর কমিশনার স্বপন কুমার রায়ের সভাপতিত্বে এ সময় উপস্থিত ও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইণ্ডাস্ট্রির সভাপতি ও জেলায় টানা ৯ম বার সর্বোচ্চ আয়কর প্রদানকারী মাসুদুর রহমান মিলন, যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মাসুম বিল্লাহ, উপকর কমিশনার (সদর দপ্তর প্রশাসন) হাবিবুর রহমান, ট্যাক্সেস ল’ইয়ার্স এসোসিয়েশন সভাপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। এ সময় কর অঞ্চল বগুড়ার অধিনে বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলার কর্মকর্তা ও করদাতারা উপস্থিত ছিলেন।