বাংলা হেডলাইনস বগুড়া : পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়ায় সোমবার বিকালে ‘চতুর্থ শিল্প বিপ্লব ও পরিবর্তিত পরিস্থিতির মোকাবেলায় আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক এবং ‘প্রাক কৃষিপণ্য শাক-সবজি সংরক্ষণ ও ভিন্নতর সময় মেয়াদী বাজারজাতকরণের উদ্দেশ্যে যথাযথ মোড়কীকরণ’ শীর্ষক দু’দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে।
লেন্স ট্রেডিং ও বাংলাদেশ এগ্রোবেজড প্রডাক্ট প্রডিউসার অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের (বাপমা) যৌথ উদ্যোগে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন একাডেমির অতিরিক্ত মহাপরিচালক ড. এবিএম শরীফ উদ্দিন।
বাপমা’র সহ-সভাপতি কাজী গোলাম আলী সুমনের সভাপতিত্বে মুখবন্ধ উপস্থাপন করেন, বিএসডিআই’র নির্বাহী পরিচালক কে এম হাসান রিপন।
অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সুফিয়া নাজিম, অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান, বেসিক ব্যাংকের জেনারেল ম্যানেজার মাসুদুর রহমান, আরডিএ’র পরিচালক (প্রশিক্ষণ) ড. সমীর কুমার সরকার, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি এনামুল হক দুলাল, আরডিএ’র যুগ্ম পরিচালক খালিদ আওরঙ্গজেব, উপ-পরিচাল রেবেকা সুলতানা প্রমূখ আলোচনায় অংশ নেন। গোল টেবিল বৈঠকে বগুড়া ও ঢাকার ২৭ জন ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেন।
মুখবন্ধে বলা হয়, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় যেখানে পৃথিবীর প্রতিটি রাষ্ট্রই দক্ষতার উন্নায়ন ও বিশেষায়িতকরণ ও শিল্প ও কৃষি উৎপাদনে প্রযুক্তি ও মেশিনারীজের সর্বোচ্চ ব্যবহার সুনিশ্চিত করণের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের পথে এগোচ্ছে সেক্ষেত্রে বাংলাদেশ পরিবর্তিত পরিস্থিতিতে করণীয় নিয়ে ভাবার সময় এসেছে। চতুর্থ শিল্প বিপ্লবের ফলে যেহেতু গতানুগতিক কাজগুলো মেশিনারীজের মাধমে সম্পাদিত হবে। এতে করে কৃষি ও শিল্প বিপ্লবের ফলে উৎপাদন প্রক্রিয়ায় সম্পৃক্ত প্রায় ৫৫ লাখ জনসংখ্যার বেকার ও কর্মহীন হয়ে পড়ার আশংকা রয়েছে। যা নিঃসন্দেহে জাতীয় অর্থনীতির উপর একটি বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে ও অর্থনৈতিক উন্নায়নের গতিকে মন্থর করে দিতে পারে। তাই দেশের জনগোষ্ঠীকে উৎপাদন ধারায় সম্পৃক্ত করার উদ্দেশ্যে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষন প্রদান ও সৃজনশীলতার বিকাশ ঘটানোর মাধ্যমে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহার সুনিশ্চিত করতে হবে। সরকারি পর্যায়ে আর্থিক ও নীতিগত সহায়তা প্রদানের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা শ্রেণী তৈরি করতে হবে।