বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, খালেদা জিয়ার জামিনের বিষয়টি সম্পূর্ণ নির্ভর করে আদালতের উপর। দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন মামলায় সরকারের হস্তক্ষেপের কোন প্রশ্নই ওঠেনা। শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে মোহাম্মদ নাসিম মুলিবাড়িতে শহীদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সরকারের হস্তক্ষেপে খালেদা জিয়ার জামিন হচ্ছে না বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের অভিযোগ বিষয়ে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপিপন্থী আইনজীবীরা দেশের সর্বোচ্চ আদালতে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন তা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। তারা রাজনীতির মাঠ ছাড়িয়ে আদালতেও নৈরাজ্য সৃষ্টি করতে চায়। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে আদালতই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে। তাদের এমন আচরণে প্রধান বিচারপতিও উস্মা প্রকাশ করেছেন। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে তারা সাঠিক পথে রাজনীতি করুক এটা জনগণের কাম্য। তা না হলে ভবিষ্যতে আরো খেসারত দিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।