বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: তৃণমূল পর্যায়ে ক্রিকেট খেলার প্রচার-প্রসার এবং প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে রাঙ্গামাটি জেলা রিজিয়ন টি-২০ উন্মুক্ত ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এই রিজিয়ন টি-২০উন্মুক্ত ক্রিকেট টুর্ণামেন্টে জেলা সদরের মোট ২১ টি দল অংশ গ্রহণ করছে। উদ্বোধনী খেলায় রাঙ্গামাটি স্পোর্টিং একাডেমি বনাম বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্মৃতি সংসদ প্রতিদ্বন্দ্বিতা করেছে।
শনিবার সকালে রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে রাঙ্গামাটি রিজিয়ন পৃষ্টপোষকতায় ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে টুর্ণামেন্টে উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, ক্রিকেট উপ পরিষদের যুগ্ন সম্পাদক মিথুল দেওয়ান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজমসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যগন এসময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ বলেন, আজকে আমাদের এই টি-২০ উন্মুক্ত টুর্ণামেন্টে জেলা সদরের ২১ দল অংশ গ্রহন করছেন যা সংখ্যার দিক দিয়ে অনেক ভালো। রাঙ্গামাটি সদরের ২১টি টিম মানে আমাদের এখানে অনেক উদীয়মান ক্রিকেট খেলোয়াড় রয়েছে। আমরা রাঙ্গামাটি জেলা থেকে ফুটবলে অনেক জাতীয় পর্যায়ে সুযোগ পেলেও ক্রিকেট খেলায় আমরা একজন নারী খেলোয়াড় চম্পা চাকমা ছাড়া আর কোন জাতীয় পর্যায়ের ক্রিকেট খেলোয়াড় এই পার্বত্য জেলা থেকে গড়ে উঠতে পারেনি। তাই আমরা আশা করি এই টি-২০ উন্মুক্ত টুর্ণামেন্টের মাধ্যমে এখান থেকে জাতীয় পর্যায়ে খেলার মত ভালো খেলোয়াড় বের করে আনতে পারবো, এতেই আমাদের এই টুর্ণামেন্ট স্বার্থক হবে।