বাংলা হেডলাইনস: বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে যথাক্রমে পূর্ণাঙ্গ সভাপতি ও সাধারণ সম্পদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী ও আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন অনুষ্ঠানে এই ঘোষণা দেন।
শেখ হাসিনা বলেন আজ থেকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আর ভারপ্রাপ্ত নয়। উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা করতালি দিয়ে এই ঘোষণায় স্বাগত জানান।
এর আগে এই অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল কাদের দলের নেত্রীর (শেখ হাসিনা) কাছে প্রস্তাব করেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের উপর থেকে ভার উঠিয়ে নেওয়ার জন্য।
গত বছরের ১৪ সেপ্টেম্বর বিভিন্ন অভিযোগে কারণে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে যথাক্রমে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে হিসেবে দায়িত্ব দেওয়া হয় যথাক্রমে সংগঠনটির এক নম্বর সহ-সভাপতি আল নাহিয়ান খান জয় ও এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে।