বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বকুল তলা ব্রিজের পশ্চিম পার্শ্বে অবৈধভাবে ফুলজোর নদীর পাড় কেটে ইটভাটায় মাটি নিচ্ছে কতিপয় প্রভাবশালী। এতে ওই নদীর পাড় এলাকায় ফসলি জমি ভেঙ্গে যাচ্ছে বলে অভিযোগ ওঠেছে। অভিযোগে প্রকাশ, স্থানীয় কতিপয় প্রভাবশালী ভেকু মেশিন দিয়ে ওই নদীর পাড়ের মাটি কেটে ইটভাটায় সরবরাহ করছে।
ইতিপূর্বে সেখান থেকে মাটি কাটার অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ করা হয়। আবারো কয়েকদিন ধরে একই স্থান থেকে মাটি কেটে স্থানীয় ইটভাটায় নেয়া হচ্ছে। স্থানীয়না বলছেন, ওই প্রভাবশালীরা অবৈধ ভাবে নদীর পার কাটায় সরিষার ক্ষেতসহ বিভিন্ন ফসলি জমি ভেঙ্গে পড়ছে। তাদের বাধাঁ দিয়েও ঠেকানো যাচ্ছেনা। নদীর পাড়ের মাটি ভেকু মেশিন দিয়ে কাটা হচ্ছে এবং ড্রাম ট্রাক দিয়ে ওই মাটি ইটভাটায় নেয়া হচ্ছে।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শামীমুর রহমান বলেন, কিছুদিন আগে ওই স্থানে নদীর পাড় কেটে মাটি কাটার কাজটি বন্ধ করা হয়েছিলো। আবারো সেখান থেকে মাটি কাটলে এখনই বন্ধসহ আইনগত ব্যাবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।