বাংলা হেডলাইনস বগুড়া : র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা রোববার সকালে শেরপুরের ধুনট মোড়ে ঢাকাগামী পাথরবোঝাই ট্রাক থেকে ৩৫২ পিস ফেনসিডিল উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। ট্রাক ছাড়াও তাদের কাছ থেকে নগদ ২৩ হাজার টাকা ও তিনটি সিমসহ দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা হয়েছে।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলো টাঙ্গাইলের মধুপুর উপজেলার মধুপুর পঁচিশা গ্রামের মৃত ওসমান গণির ছেলে ট্রাক চালক সাকের আহম্মেদ হিতু (৪০) ও একই উপজেলার বিশনাইপাল গ্রামের মাজম আলীর ছেলে হেলপার আবু হাশেম (২৯)।
ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি খলিলুর রহমান জানান, সাকের আহম্মেদ হিতু ও আবু হাশেম ট্রাক চালক এবং হেলপারের ছদ্মাবরণে দীর্ঘদিন ধরে মাদকের বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছেন। রোববার সকালে তারা একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-২২-৫৬১৪) কুড়িগ্রাম থেকে নুড়ি পাথর বোঝাই করে ঢাকার দিকে যাচ্ছিলেন। এ ট্রাকে ফেনসিডিল রয়েছে গোপনে এমন খবর পেয়ে বগুড়ার শেরপুরে ধুনটে মোড়ে ট্রাক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে থামানো হয়। তল্লাশি করে ট্রাকের ডালায় পাথরের নিচে পাটের বস্তায় ৩৫২ পিস ফেনসিডিল পাওয়া যায়। তখন চালক হিতু ও হেলপার হাশেমকে ট্রাকসহ গ্রেফতার করা হয়। তাদের কাছে নগদ ২৩ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাদের শেরপুর থানায় সোপর্দ ও মামলা করা হয়েছে।