বাংলা হেডলাইনস বগুড়া: সংগঠন বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণ সভাপতি শহিদুল ইসলাম বাপ্পীকে সভাপতির পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।
রোববার বিকালে জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাজেদুর রহমান সাহিন ও সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত যুক্ত বিবৃতিতে এর সত্যতা নিশ্চিত করেছেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাজেদুর রহমান সাহিন জানান, শহর দক্ষিণ শাখার সভাপতি শহিদুল ইসলাম বাপ্পী মাদক সেবনের সাথে জড়িত। এ সংক্রান্ত তার কয়েকটা ছবি পাওয়া গেছে। তাকে সতর্ক ও কারণদর্শানো নোটিশ করা হলেও তিনি সংশোধন হয়নি। এছাড়া বাপ্পী সংগঠনে পদ-পদবি নিয়ে অনেক কথা বলছেন। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় বিষয়টি স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আবদুর রাজ্জাককে অবহিত করা হয়। রোববার বাপ্পীকে বগুড়া শহর (দক্ষিণ) শাখার সভাপতির পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের পর তাকে সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়। আগামী বর্ধিত সভায় তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণ সভাপতি শহিদুল ইসলাম বাপ্পী ফোন না ধরায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।