বাংলা হেডলাইনস বগুড়া: ১৩ জানুয়ারি সোমবার বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার নির্বাচন। নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন শেষ হয়েছে। ইভিএমে ভোট গ্রহণ করা হবে। অবাধ, সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট গ্রহণে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন- শৃংখলা বাহিনীর সদস্যরা ব্যাপক তৎপর রয়েছেন। মেয়র পদে চার জন, তিনটি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪ জন ও নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র ও বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী বেলাল হোসেন (জগ), আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক রানা (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম (ধানের শীষ) এবং স্বতন্ত্র প্রার্থী আহাম্মেদ আলী (মোবাইল ফোন)।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ইকবাল হোসেন জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইভিএমের মাধ্যমে সোমবার সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহন করা হবে।
মোট ভোটার ১৬ হাজার ৭৬৩ জন। এর মধ্যে পুরুষ ৮ হাজার ৩০৩ জন ও মহিলা ৮ হাজার ৭১০ জন। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি ভোট কেন্দ্রে ৯ জন প্রিসাইডিং অফিসার, ৫২ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ১০৪ জন পোলিং অফিসার ভোট গ্রহন কাজে নিয়োজিত থাকবে। নিরাপত্তার দায়িত্বে ৯টি কেন্দ্রে পুলিশ কর্মকর্তাসহ ১৬৩ জন পুলিশ ও ৭২ জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়াও ৯টি কেন্দ্রে ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
এছাড়া মোবাইল ফোর্সের ৩টি টিম, র্যাবের ৩টি টহল দল, এক প্লাটুন বিজিবি ও স্ট্রাইকিং ফোর্সের একটি টিম আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকবে।
দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান জানান, পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণসহ সকল কেন্দ্রেই নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে চারজন মেয়র প্রার্থী, ২৯ জন সাধারণ কাউন্সিলর ও ১৪ জন সংরক্ষিত কাউন্সিলররা শনিবার পর্যন্ত ব্যাপক গণসংযোগ করেছেন।