বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনে সোমবার উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোট কেন্দ্র ও আশে পাশে আইন- শৃঙ্খলা বাহিনীর সার্বক্ষনিক টহল ছিল। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রথমবারের মত এখানে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। প্রতিটি কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। ভোট পড়েছে প্রায় ৮৫ শতাংশ।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ইকবাল হোসেন জানান, মেয়র পদে চার জন, তিনটি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪ জন ও নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
মেয়র প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র ও বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী বেলাল হোসেন (জগ), আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক রানা (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম (ধানের শীষ) এবং স্বতন্ত্র প্রার্থী আহাম্মেদ আলী (মোবাইল ফোন)। মোট ভোটার ১৬ হাজার ৭৬৩ জন। এর মধ্যে পুরুষ ৮ হাজার ১৫৭ জন ও মহিলা ৮ হাজার ৬০৬ জন।

দুপচাঁচিয়া পৌর এলাকার ডিএস মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে আসা গৃহবধু আঞ্জুমান আরা বেগম, মৌসুমী আকতার, শাপলা বেগম, মাসুমা আকতার, গৌরি রাণী ও আরতী রানী, দুপচাঁচিয়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নাছরিন সুলতানা, ইউনিয়ন ভুমি অফিস কেন্দ্রে নাহিদ জোয়ারদার, আদরী খাতুন এবং প্রাণি সম্পদ অফিস কেন্দ্রে কুইন আকতার প্রমুখ জানান, এই প্রথম ইভিএমের মাধ্যমে ভোট দিলেন। মেশিনে ভোট দেয়া যতটা কঠিন ভেবেছিলেন ততটা নয়। ভোট কেন্দ্রের পরিবেশও খুব ভালো ছিল। কোনো বিশৃঙ্খলা নেই। তারা ইচ্ছেমত পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন।
রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ্ জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুপচাঁচিয়া পৌরসভার নির্বাচন শেষ হয়েছে। ভোটার উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। ইভিএম পদ্ধতিতে প্রায় ৮৫ শতাংশ ভোট পড়েছে।