বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় আবদুল কাদের নামের এক বৃদ্ধকে আসামি করে শিশুর পরিবার থানায় মামলা করেছেন।
পুলিশ এবং পরিবারিক সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের একটি কিন্ডারগার্টেন স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ে ওই শিশু। গত রোববার সকাল নয়টার দিকে সে প্রাইভেট পড়ে বাড়ি যাচ্ছিল। পথে একটি ভূট্টাখেতে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে আবদুল কাদের (৬৫)। এ সময় শিশুটির কান্না শুরু করে। এর পর ওই স্থানীয় দুই-তিন ব্যক্তি আবদুল কাদেরকে আটক করেন। এর পর বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করা হয়। তবে মিমাংসা না হওয়ায় শিশুটির পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়।
সকালে শিশুটিকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এরপর অভিযুক্ত আবদুল কাদেরকে আটক করে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ধর্ষনের ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে সোমবার সন্ধ্যায় আবদুল কাদেরকে আসামি করে থানায় মামলা করেছেন। ওই মামলায় কাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে।