বাংলা হেডলাইনস: যশোর বিজিবি এবং আরআইবি এর যৌথ অভিযানে সোমবার যশোরের নতুনহাট হতে প্রায় ১১ কেজি ওজনের ৯৪টি স্বর্ণের বার-সহ ৩ জন আসামি ও ১টি প্রাইভেট কার আটক করা হয়েছে। আটককৃত স্বর্ণ ও গাড়ি সিজার মূল্য ছয় কোটি ছিয়াত্তর লাখ দশ হাজার টাকা।
এ অভিযানে লেঃ কর্নেল সাইফুল ইসলাম, ব্যুরো চিফ আরআইবি, যশোর এবং লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ভিন্ন ভিন্ন টহল দল নিয়ে অভিযান পরিচালনা করেন, তথ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ঢাকা থেকে বেনাপোলগামী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-৪৩-৪২২৯) যশোর জেলার নতুন হাটের ইটভাটা পাকা রাস্তায় পৌঁছালে গভীর রাতে তারা সেটি আটক করতে সক্ষম হন।
আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।