বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে সদর উপজেলার চান্দইর গ্রাম থেকে বাড়িতে মজুদ রাখা গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার চান্দইর গ্রামের আলেকজান্ডার (৩৫) ও তার স্ত্রী আকলিমা বেগম (৩০)। মাদক নিয়ন্ত্রন আইনে গ্রেফতারকৃত আলেকজান্ডারকে দুই বছরের সশ্রম কারাদন্ড ও আকলিমা বেগমকে ছয় মাসের সশ্রম কারাদন্ডসহ উভয়কে ২০ হাজার অর্থদন্ড দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস, এম আবু দারদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম ভুইয়া, জেলা পুলিশের সদস্য ও আনসার বাহিনীর সমন্বয়ে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার চান্দইর গ্রামের একটি বাড়িতে মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযান চালানো হয়। এসময় ওই বাড়িতে মজুদ রাখা নয়টি প্যাকেট ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।এসময় গাঁজা মজুদ ও ব্যবসা করার অপরাধে স্বামী-স্ত্রীকে আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের স্বীকারোক্তি অনুযায়ী কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আটককৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত।