বাংলা হেডলাইনস: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পুঁজিবাজার চাঙ্গা করতে শিগ্গিরই পুঁজিবাজারে আসছে সাতটি লাভজনক সরকারি প্রতিষ্ঠান। এর পাশাপাশি আরো সরকারি প্রতিষ্ঠান পুঁজিবাজারে আসা উচিত।
রোববার ঢাকায় শেরেবাংলা নগরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ উন্নয়ন ফোরাম-বিডিএফের এবারের সম্মেলনে সোয়া ৪ বিলিয়ন বা ৪২৫ কোটি ডলার প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে। এর মধ্যে ১ দশমিক ২ বিলিয়ন বা ১২০ কোটি ডলার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগামী ৪ বছরে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা। এ অর্থ ঋণ নয়, অনুদান হিসেবে দিবে তারা।
এছাড়া বিশ্বব্যাংক সম্প্রতি রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে ২টি চলমান প্রকল্পে অতিরিক্ত ও একটি নতুন প্রকল্পে ৩৫০ মিলিয়ন ডালার অর্থ অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে। এসব অর্থ বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠী ও রোহিঙ্গা ক্যাম্পের আশপাশের স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব্যবহৃত হবে, পি আই ডি’র এক প্রেস রিলিজে জানানো হয়।