বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছি বাজার এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ১৮ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ চার জনকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে চারটি ওয়ান শুটারগান ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- জেলার বেলকুচি উপজেলার মেঘুল্লা গ্রামের শহীদুল ইসলাম (৫১), একই গ্রামের আসাদুল (৩২), আজুগড়া গ্রামের দুলাল সরকার (৩৫) ও দেওয়ানতলা বেতিলচর এলাকার সেরাজ উদ্দিনের ছেলে জাকির হোসেন (২৬)। ওসি (ডিবি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে তালগাছি বাজার এলাকায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কের ওপর অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ ওই চার জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শহীদুল ও আসাদুলের বিরুদ্ধে থানায় একাধি অস্ত্র মামলা রয়েছে। এদের মধ্যে শহীদুল একটি মামলায় ১৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি। বর্তমানে সে উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত রয়েছেন। আটক অন্য দু’জন তাদের সহযোগী।