বাংলা হেডলাইনস বগুড়া: র্যাব-১২ বগুড়া স্পেশাল ক্যাম্পের সদস্যরা চলতি এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে রোমান মিয়া (২২) নামে এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছেন। তার কাছে ১৩৮ পিস ভুয়া প্রশ্নপত্র পাওয়া গেছে।
শুক্রবার তাকে শহরের বৃন্দাবনপাড়ার ছাত্রাবাস থেকে গ্রেফতারের পর সদর থানায় সোপর্দ করা হয়। র্যাবের পক্ষে তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি রওশন আলী জানান, রোমান মিয়া বগুড়া সদরের হিজলী গ্রামের মিঠু মিয়ার ছেলে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজে রাষ্ট্রবিজ্ঞান অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। শহরের বৃন্দাবনপাড়ার নাফ ছাত্রাবাসে প্রশ্ন ফাঁসকারী চক্রের সদস্যরা চলতি এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পরিকল্পনা করছিল। গোপনে এমন খবর পেয়ে শুক্রবার ওই ছাত্রাবাসে অভিযান চালানো হয়। সেখান থেকে রোমান মিয়াকে গ্রেফতার করা হয়। তার কাছে ১৩৮ পিস এসএসসির ভুয়া প্রশ্নপত্র পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রোমান দীর্ঘ দিন ধরে ফেইবুক মেসেঞ্জার, হোয়াটস-অ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতি এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে সংশ্লিষ্ট গ্রুপের সাথে যুক্ত হন। তিনি ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ এবং তার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত হওয়া কোমলমতি পরীক্ষার্থীদের কাছে প্রতারণামূলকভাবে অর্থের বিনিময়ে সেসব সরবরাহ করছিলেন। তার বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।