বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার শাজাহানপুরে নারী আসক্তির প্রতিবাদ করায় স্বামী রফিকুল ইসলাম এক সঙ্গীর সহযোগিতায় স্ত্রী সামিয়া আকতার আইভীকে (২৪) শারীরিক আক্রমণ করে। শুধু মারপিট করেই করে ক্ষান্ত হয়নি। ব্লেড দিয়ে হাত-বুকে একাধিক আঘাত ও গায়ে দাহ্য পদার্থ ঢেলে পুড়িয়ে দেবার পর মাথার চুল কেটে দিয়েছে। এর আগে স্বামীর সহায়তায় এক বন্ধু হাত বেঁধে তাকে ধর্ষণ করে।
শনিবার দুপুরে উপজেলার চকলোকমান খন্দকারপাড়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেছেন। শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন এর সত্যতা নিশ্চিত করেছেন।
স্বজনরা জানান, হানিফ পরিবহনের হেলপার রফিকুল ইসলাম গাবতলী উপজেলার মালিয়ানডাঙ্গা গ্রামের তজমল হোসেনের ছেলে। সে প্রায় ১০ বছর আগে শাজাহানপুর উপজেলার চকলোকমান খন্দকারপাড়ার আলম মন্ডলের মেয়ে সামিয়া আকতার আইভীকে বিয়ে করে। তাদের রাইফা ইসলাম নামে আট বছরের এক মেয়ে রয়েছে।
বগুড়া শজিমেক হাসপাতালের গাইনী বিভাগের ওয়ার্ডে চিকিৎসাধীন আইভী জানান, নারী আসক্তির কারণে স্বামী রফিকুলের সাথে তার দাম্পত্য কলহ শুরুহয়। নির্যাতন সহ্য করতে না পেরে তিনি প্রায় তিন বছর আগে স্বামীর বিরুদ্ধে মামলা করেন। এক বছর পর রফিকুল তাকে তালাক দেয়। এরপর দুটি বিয়ে করলেও তাদের সাথে সংসার হয়নি। প্রায় দেড় বছর আগে রফিকুল ভুল স্বীকার করে তাকে আবার বিয়ে করে। আইভী আরো জানান, এরপরও রফিকুলের নারী নেশা কমেনি। এ নিয়ে প্রায়ই ঝগড়া হতো। শনিবার বেলা ১২টার দিকে রফিকুল তার এক বন্ধুকে সাথে নিয়ে বাসায় আসে। স্বামীর সহযোগিতায় ওই বন্ধু তার হাত বেঁধে ও মুখ চেপে ধরে ধর্ষণ করে।
এরপর বন্ধুর সহযোগিতায় তাকে মারপিটের পর ব্লেড দিয়ে হাত ও বুকে আঘাত করে। এরপর তার কোমড় ও দুই হাতে এসিড ঢেলে দিলে পুড়ে ফোসকা পড়ে। এতেও রাগ না কমলে মাথার ডান পাশের চুল কেটে দিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।
বগুড়া শজিমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবদুল ওয়াদুদ জানান, স্বামীর নির্যাতনের শিকার ওই গৃহবধুর মাথার ডান পাশে চুল কাটা, শরীরের বিভিন্ন স্থানে জখম ও ফোসকা রয়েছে। পরীক্ষা নিরীক্ষা ছাড়া এ ফোসকা এসিডের না গরম পানির তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। তাকে ভর্তির পর প্রথমে ক্যাজুয়ালটি বিভাগে রাখা হয়েছিল। পরে গাইনী বিভাগের ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।
শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন জানান, ওই গৃহবধুর চুল কাটা, শরীরে নির্যাতনের জখম ও ফোসকার দাগ রয়েছে। এর আগে স্বামীর বন্ধু তাকে ধর্ষণ করেছে বলে দাবি করেছে। বিকাল পর্যন্ত এ ব্যাপারে কেউ মামলা করেনি। এরপরও স্বামী রফিকুল ইসলামকে গ্রেফতারে অভিযান চলছে।