বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটির কাপ্তাইয়ে চন্দ্রঘোনা কয়লার ডিপু সংলগ্ন কর্ণফুলী নদীতে নৌকা ডুবির ঘটনার ৫দিনের মাথায় রাঙ্গুনিয়া সরফ ভাটা নদী থেকে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মা টুম্পা মজুমদার ও ছেলে বিজয় মজুমদারের লাশ উদ্ধার করা হয়েছে।
গত শুক্রবার রাঙ্গামাটি কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় কয়লার ডিপো সংলগ্ন কর্ণফুলী নদীতে চট্টগ্রাম থেকে আসা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের ইসকনের ৫৩ জনের একটি পর্যটকবাহী ইঞ্জিন বোট স্রোতের তোড়ে ডুবে গিয়ে ৩জন নিখোঁজ হয়। পরে একই দিন বিকেল ৪টার দিকে দেবলীলা (১০) নামে একজনের লাশ উদ্ধার করা হলেও একই পরিবারের মা ও ছেলের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।
আর ঘটনার ৫দিনের মাথায় ফায়ার সার্ভিস ও কাপ্তাই নৌ-বাহিনীর দল উদ্ধার তৎপরতা চালানোর পর আজ সকাল সাড়ে ৯টার দিকে মা টুম্পা মজুমদার ও ছেলে বিজয় মজুমদারের লাশ উদ্ধার করে।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ আহমেদ রাসেল বলেন, শুক্রবার বোট ডুবির ঘটনায় প্রথম দিন ১ জনকে উদ্ধার করা
হলেও দুইজন নিখোঁজ ছিলেন। ফায়ার সার্ভিস ও কাপ্তাই নৌ বাহিনীর দল উদ্ধার তৎপরতা চালানোর পর ৫ দিনের মাথায় আজ রাঙ্গুনিয়া সরফ ভাটা নদী থেকে একই পরিবারে মা টুম্পা মজুমদার ও ছেলে বিজয় মজুমদারের লাশ উদ্ধার করা হয়।
বোট ডুবির ঘটনায় নিহত দেবলীনা দে (১০) চট্টগ্রামের
হাজারীগলির রতন দে’র কন্যা আর চট্টগ্রামের মিরশ্বরাই উপজেলার জোরারগঞ্জের রাজীব মজুমদার এর শিশু পুত্র বিজয় মজুমদার (৫) এবং স্ত্রী টুম্পা মজুমদার (৩০)।
উল্লেখ্য, চট্টগ্রামের নন্দন কানন এলাকার রাধামাধব মন্দির থেকে প্রায় ১২৭ জন ইসকন সদস্য কাপ্তাইয়ের শীলছড়ি এলাকার বিভিন্ন মন্দিরে তীর্থ ভ্রমণে আসে। পরে তারা কর্ণফুলী নদী হয়ে ৩টি বোটে চা বাগানে যাওয়ার পথে ২টি বোট কুলে ভিরলেও ও অপর ১টি বোট কুলে ভিড়ার আগেই বোট ডুবির ঘটনা ঘটে। এতে সবাইকে উদ্ধার করা হলেও ৩জন নিখোঁজ হয়।