বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়া শহরের চকফরিদ কলোনী ও পার্শ্ববর্তী শাজাহানপুর উপজেলার বিভিন্ন এলাকার কুখ্যাত সন্ত্রাসী ৬টি হত্যা, চাঁদাবাজীসহ অন্তত ২০ মামলার আসামি কবির হোসেন মিনকো (৪০) সন্ত্রাসীদের সাথে ‘বন্দুকযুদ্ধে’নিহত হয়েছে। সোমবার রাতে শহরের মালতিনগর ভাটকান্দি ব্রিজ এলাকায় এ
ঘটনা ঘটে। সেখানে ৮ রাউন্ড গুলিভর্তি একটি রিভলবার, একটি ওয়ার শুটার গান, একটি বড় চাপাতি ও একটি বার্মিজ চাকু পাওয়া গেছে। তার মৃত্যুতে এলাকায় স্বস্তি দেখা দিয়েছে।
মঙ্গলবার সকালে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী এর সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, কবির হোসেন মিনকো বগুড়া শহরের চকফরিদ কলোনীর আজিজুল হকের ছেলে। তার বিরুদ্ধে বগুড়া সদর ও শাজাহানপুর থানায় যুবলীগ কর্মী মজনু প্রামানিক ও নাহিদ হাসান জোড়া খুনসহ ৬টি হত্যা, হত্যা চেষ্টা, অস্ত্র, চাঁদাবাজী ও বিভিন্ন অপরাধের অন্তত ২০টি মামলা রয়েছে।
গত ২০১৯ সালের জানুয়ারিতে অস্ত্রসহ গ্রেফতার হয়ে কিছুদিন জেলে ছিল। ৪-৫ মাস আগে জামিনে ছাড়া পেয়ে আবারো চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ে। তার অত্যাচারে জনগণ অতিষ্ট হয়ে উঠেছিল। এসব ঘটনায় সদর ও শাজাহানপুর থানায় ৬টি জিডি হয়।
পুলিশ কর্মকর্তারা জানান, বগুড়া শহরের মালতিনগর ভাটকান্দি ব্রিজ এলাকায় সোমবার রাত দেড়টার দিকে আধিপত্য বিস্তার নিয়ে দু’দল সন্ত্রাসীর মধ্যে প্রচন্ড গোলাগুলি চলছিল। খবর পেয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, সদর থানার ওসি এসএম বদিউজ্জামান, ডিবি পুলিশের ইন্সপেক্টর আসলাম আলী ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। তারা সেখানে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে নিশ্চিত হওয়া যায়, এটা বগুড়ার অন্যতম শীর্ষ সন্ত্রাসী কবির হোসেন মিনকোর লাশ। ঘটনাস্থলে ৮ রাউন্ড গুলিভর্তি একটি রিভলবার, একটি ওয়ার শুটার গান, একটি বড় চাপাতি ও একটি বার্মিজ চাকু পাওয়া গেছে।
এদিকে নাম-পরিচয় প্রকাশে অনিচ্ছুক বগুড়া শহরের চকফরিদ ও শাজাহানপুর উপজেলার বিভিন্ন এলাকার জনগণ জানান, মিনকোর হত্যা, হত্যা চেষ্টা, চাঁদাবাজিসহ অন্যান্য সন্ত্রাসী কর্মকান্ডে তারা অশান্তিতে ছিলেন। সে নিহত হওয়ায় তাদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, এ ঘটনায় সদর থানায় হত্যা ও অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। মিনকোর লাশ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে রয়েছে।