বাংলা হেডলাইনস বগুড়া: বিএনপির ভাইস চেয়ারম্যান মো: শাহজাহান বলেছেন, খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসেবে বিএনপি বগুড়া-১ শূন্য আসনের উপনির্বাচনে অংশ নিচ্ছে। তাই সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ বিজয়ী করতে কাজ করতে হবে।
তিনি বলেন, সরকার যেন আগের ‘রাতে ব্যালট বাক্স ভরাতে না পারে’ সেদিকে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে। জনগণ কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলে ধানের শীষ জয়লাভ করবে। তাই ভোট কেন্দ্র কমিটিগুলোকে বেশি দায়িত্বশীল হতে হবে।
তিনি আরো বলেন,বিএনপি বিজয়ী হলে খালেদা জিয়ার মুক্তি ত্বরান্বিত হবে।
বিএনপি ভাইস চেয়ারম্যান বুধবার বগুড়া জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আগামী ২৯ মার্চ বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের উপনির্বাচনে কারচুপি করা হলে বগুড়া থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে। তাই নির্বাচনে জয়লাভের লক্ষ্যে নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়তে হবে।
বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের সভাপতিত্বে বিশেষ সভায় অন্যান্যের মধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা একেএম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম ও ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া-১ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকির, বিএনপি নেতা মোশারফ হোসেন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
বুধবার বিকালে বিএনপির ভাইস চেয়ারম্যান মো: শাহজাহান দলীয় নেতৃবৃন্দকে নিয়ে সোনাতলা উপজেলার সৈয়দ আহমেদ কলেজ ষ্টেশন, কর্পূর বাজার, ভেলুরপাড়াসহ বিভিন্নস্থানে ধানের শীষের পক্ষে পথসভা ও গণসংযোগে অংশ নেন।