বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: আরিফুর ইসলামকে নির্যাতনকারী কুড়িগ্রামের জেলা প্রশাসক পারভিন সুলতানাসহ সকল কর্মকর্তা-কর্মচারীদের শাস্তির দাবি ও সারাদেশে অব্যাহত সাংবাদিক খুন, গুম, অপহরণ, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকরা।
আজ সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন, রাঙ্গামাটি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এ কে এম মকছুদ আহমেদ, সাবেক প্রেসক্লাবের সভাপতি সুনীল কান্তি চাকমা, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙ্গামাটি রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙ্গামাটি সাংবাদিক ফোরামের সহ সাধারণ সম্পাদক মনসুর আহমেদ।
মানববন্ধনে বক্তারা বলেন, ক্ষমতার অপব্যাবহার করে ভ্রাম্যামান আদালতের মাধ্যমে সাংবাদিক আরিফকে সাজা দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের মতো দায়িত্বশীল একজন কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ অপ্রত্যাশিত।
বক্তারা আরো বলেন, একজন সাংবাদিককে মধ্যরাতে তুলে নিয়ে যাওয়া এবং তাকে শারীরিক নির্যাতন দুঃখজনক। সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। আবার দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হলে মারধর করে জেলে পাঠানোর মতো ঘটনাও ঘটানো হচ্ছে। এ ধরনের কাজ মাঠপর্যায়ে সরকার ও প্রশাসনের ওপর জনগণের আস্থা কমায়। তাই সাংবাদিক আরিফের উপর নির্যাতনকারী কুড়িগ্রামের জেলা প্রশাসক পারভিন সুলতানাসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান।