বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকারের ছুটির দ্বিতীয় দিনে শুক্রবার সকাল থেকে রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট অব্যাহত রয়েছে।
রাঙ্গামাটির রাস্তাগুলো নিয়ন্ত্রনে নিয়েছে জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনীর ৪টি টিম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
সকাল থেকে রিজার্ভ বাজার, তবলছড়ি, বনরূপা, ভেদভেদীসহ বিভিন্ন এলাকায় ও বাজারে টহল দিতে দেখা গেছে আইন-শৃঙ্খলা বাহিনীকে। অযথা রাস্তায় ঘোরা ফেরা করায় কয়েকজনকে কয়েক ঘন্টা করে আটকে রাখা হয়। এছাড়া বেশ কয়েকটি দোকানদারকে সতর্ক করে দিয়ে দোকান বন্ধ করে দেয়।
সেনাবাহিনী ও ম্যাজিষ্ট্রেটের টিমগুলো রাঙ্গামাটির বাড়িতে সঙ্গরোধ লোকদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সচেতন করে আসছেন।
বৃহস্পতিবার রাতেও জেলা প্রশাসনের এনডিসির নেতৃত্বে রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় দোকান খোলা ও বিনা কারণে রাস্তায় ঘোরাঘুরি করায় বেশ কয়েকজনকে জরিমানা করা হয়। রাঙ্গামাটিতে এপর্যন্ত বাড়ি সঙ্গরোধ থাকা মানুষের সংখ্যা ১১২জন।

এ দিকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার অংশ হিসেবে রাঙ্গামাটির বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে চলছে পরিস্কার পরিছন্নতা অভিযান এবং স্প্রে কার্যক্রম।
শুক্রবার সকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও মাষ্টার হারাধন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজেশন হ্যান্ড ওয়াশ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য হাজী মোঃমুছা মাতব্বর, রাঙ্গামাটি পৌরসভা প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন, রাঙ্গামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।