বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে কর্মহীন মানুষের মাঝে ১০ টাকা কেজি দামের চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার সকালে বেশ কয়েকটি স্পর্টে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ।
এ সময় রাঙ্গামাটি এনডিসি উত্তম কুমার দাশ, সেনাবাহিনী ও পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রবিবার থেকে রাঙ্গামাটির কর্মহীন মানুষ পৌর এলাকার ওএমএসের মাধ্যমে ৯টি ওয়ার্ডের বিভিন্ন কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে চাল সংগ্রহ করতে দেখা গেছে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিয়ে চাল নিচ্ছেন তারা।
রাঙ্গামাটি জেলায় আগামী ৩ মাস সরকারের ১০ টাকা দামের চাল বিক্রি কার্যক্রম চলবে বলে জানান, রাঙ্গামাটি জেলা প্রশাসক।
তিনি বলেন, রাঙ্গামাটি পৌর এলাকার ৯টি ওয়ার্ডে প্রতি ওয়ার্ডে ২ মেট্রিক টন চাল করে ৯টি ওয়ার্ডে ১৮ মেট্রিক টন চাল দেয়া হবে ওএমএসের মাধ্যমে।
সরকার বর্তমান পরিস্থিতিতে কর্মহীন, হতদরিদ্রদের সাহায্যার্থে ১০টাকা করে চাল বিক্রি করা হচ্ছে। আর প্রতিটি ওয়ার্ডের ৪শত পরিবার এই চাল পাবে। তাহলে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ৩হাজার ৬শত পরিবার ৫ কেজি করে এই চাল পাবে।
রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সপ্তাহে এই তিন দিন তারা চাল পাবে।
এই ভাবে ৯টি ওয়ার্ডে এক সপ্তাহে ১০ হাজার ৮শত পরিবারকে ১০টাকা কেজি দরে ৫কেজি করে চাল দিতে পারছি।