বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলে এক স্বাস্থ্যকর্মী ও এক দম্পতি সহ নতুন করে আরো ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৩২ জন ।
আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান নতুন করে ৫ জনের আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
দেলদুয়ার উপজেলায় নতুন করে করোনায় ৩জন আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিনহাজ উদ্দিন।
আক্রান্তরা হচ্ছেন আটিয়া ইউনিয়নের চালা আটিয়া গ্রামের ২জন। তারা সম্পর্কে স্বামী স্ত্রী। অপরজন পাথরাইল ইউনিয়নের চীনা খোলা গ্রামের। আক্রান্তদের আশেপাশের ৫/৭ বাড়ি মঙ্গলবার বেলা আড়াইটা থেকে লক ডাউন কার্যকর ঘোষনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার।
এছাড়া লকডাউনের আওতাভুক্ত সবার নমুনা সংগ্রহ করা হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। সবচেয়ে আতঙ্কের বিষয় আক্রান্তদের কারো শরীরে করোনার উপসর্গ ছিলো না । তারা ঢাকা থেকে আসায় এলাকাবাসী তাদের নমুনা সংগ্রহ করায়।
অপরদিকে, টাঙ্গাইলের মির্জাপুরে নতুন করে আরো দুইজনের করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন স্বাস্থ্যকর্মীও রয়েছেন।
মঙ্গলবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।