বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: দেশের ক্রান্তিলগ্নে সিরাজগঞ্জের সহকারী সার্জন ডাক্তার মশিউর রহমান নারায়ণগঞ্জ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন। তিনি স্বেচ্ছায় বদলির মাধ্যেমে ওই হাসপাতালে যোগদান করেন এবং ইতিমধ্যেই তিনি প্রশংসা অর্জন করছেন।
তিনি এ প্রতিবেদককে বলেন, ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে আইসোলেশন সেন্টার এবং করোনা নিবেদিত হাসপাতাল সমূহে সরকারি ডাক্তারদের এখন স্বল্পতা দেখা দিয়েছে।
এ কারণে একজন চিকিৎসক হিসেবে মানুষের সেবাদানে তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র থেকে নারায়ণগঞ্জে ৩০ এপ্রিল স্বেচ্ছায় বদলি হয়েছি এবং করোনা সন্দেহে আসা রোগীদের নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছি।
আবার কখনো আইসোলশনে থাকা কমপক্ষে ৭০ রোগীর দেখভালের দায়িত্ব নিয়ে কাজ করছি। আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইলকান্দিতে এবং আমি একজন ৩৯তম বিসিএস ক্যাডার।
তিনি আক্ষেপ করে আরো বলেন, ‘মরতে তো হবেই। মরবো যখন মানুষের সেবা করেই মরি। আমার নানা সুবেদার হাবিবুর রহমান (বীর উত্তম) দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করে ৪৬ বছর পঙ্গুত্বের সঙ্গে লড়েছেন।
নানার কাছ থেকে অনেক শিক্ষা পেয়েছি। দেশের জন্য যুদ্ধ করতে পারিনি সংগত কারণেই। তাই ভেবেছিলাম দেশের এই ক্রান্তিলগ্নে করোনার সঙ্গে যুদ্ধটা চালিয়ে যাবো।
৩০০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালের পুরোটাই এখন করোনা রোগীর সেবার জন্য ব্যবহার করা হচ্ছে। বর্তমানে ৭০ জনের মতো আইসোলেশেন আছে এ হাসপাতালে। ৫১ জন ডাক্তার পর্যায়ক্রমে এখানে সেবা দিচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।