বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিটে আরো এক ব্যক্তি (৫০) মারা গেছেন। জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ওই অটোরিক্সা চালক বৃহস্পতিবার রাতে মারা যান।
মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল এ তথ্য দিয়েছেন।
এ নিয়ে আইসোলেশনে ছয়জনের মৃত্যু হলো।
আইসোলেশন ইউনিট সূত্র জানায়, পেশায় অটোরিক্সা চালক বগুড়ার সোনাতলা উপজেলার চমরগাছা ছয়ঘরিয়াপাড়ার বাসিন্দা। তিনি কয়েকদিন সর্দি, জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি বা তার পরিবারের কেউ ঢাকা বা অন্য জেলায় যাতায়াত করেননি।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি জ্বর, শ্বাসকষ্ট ও পাতলা পায়খানা নিয়ে ভর্তি হন। রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। রাতেই বিশেষ ব্যবস্থায় জানাজা শেষে লাশ বাড়িতে পাঠানো হয়।
এর আগে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর আলম বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে বিধিমোতাবেক গ্রামে ওই ব্যক্তির দাফন হয়েছে।
তিনি জানান, মৃত ব্যক্তির স্ত্রী ও দুই ছেলেমেয়েকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিন করা হয়েছে। তাদের শরীর থেকে নমুনা নিয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল পিসিআর ল্যাবে পাঠানো হবে। সেখান থেকে পাওয়া রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।