বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা শহরের ৮ ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ, অনিবন্ধিত, চিকিৎসকের স্যাম্পল ও নেশা জাতীয় ওষুধ রাখার দায়ে মোট দুই লাখ ২২ হাজার টাকা জরিমানা করেছেন র্যাব-১২ এর ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যারাত পর্যন্ত শহরের ২ নম্বর খলিফাপট্টি ও এসএস রোডস্থ ফার্মেসিগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহম্মেদ ও র্যাব-১২ এর সিনিয়র সহকারী পরিচালক এমএমএইচ ইমরানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এ সময় দায়িত্বপ্রাপ্ত ড্রাগ সুপার মো. আহসান উল্লাহ উপস্থিত ছিলেন।
দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন- ২ নম্বর খলিফাপট্টিস্থ আতাউর রহমান (রিপন), প্রদীপ কুমার পাল, শাহিন রেজা (৩২), সোহেল মাহমুদ এবং এসএস রোডের সাহেফুল ইসলাম, এরশাদ আলী, জহির উদ্দিন ও মির্জা রেজাউল ইসলাম (৪১)।
র্যাব-১২ এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার এমএম এইচ ইমরান বৃহস্পতিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ শহরের এসএস রোড ও ২ নম্বর খলিফা পট্টিস্থ ফার্মেসিগুলোতে অভিযান চালানো হয়।
এ অভিযানচলাকালে উপরোক্ত ৮টি ফার্মেসি থেকে দুই হাজার ২৩৪ পিস রেজিস্টারবিহীন দুই লাখ ১২ হাজার ৮৯২ পিস চিকিৎসকের স্যাম্পল, এক হাজার ৪৩ পিস মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ৫১৭ পিস নেশা জাতীয় টামেনন্ডা জব্দ করা হয়।
অবৈধ এসব ওষুধ বিক্রির জন্য রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহম্মেদ ওই ৮ ফার্মেসিকে উল্লেখিত জরিমানা করেন।