বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ায় নতুন করে চিকিৎসক, পুলিশ, অটো রিকশা চালকসহ পাঁচজন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।
শুক্রবার রাতে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দেন। এ নিয়ে জেলায় মোট ৩৫ জন আক্রান্ত হলেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, শুক্রবার রাত ৯টা পর্যন্ত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। রাতে দেয়া ওই রিপোর্টে নতুন পাঁচজন আক্রান্তের কথা বলা হয়েছে।
এদের মধ্যে একজন এমবিবিএস চিকিৎসক, একজন পুলিশের এএসআই, একজন অটোরিক্সা চালক, একজন গৃহবধু ও একজন মিলের কর্মচারি। এদের মধ্যে চারজন সম্প্রতি ঢাকা থেকে ফিরেছেন।
ডেপুটি সিভিল সার্জন জানান, গত ২৯ এপ্রিল থেকে ৮ মে শুক্রবার রাত পর্যন্ত এ জেলায় মোট ৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হন। এর মধ্যে সাতজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
আক্রান্তদের অধিকাংশই নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া প্রশাসন নতুন করে আক্রান্তদের বাড়ি ও আশপাশের বাড়ি লকডাউন করেছে।