বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার পশ্চিমপাড়া মহল্লার করোনায় মৃত্যবরণকারী গৃহবধু আলেয়ার ছেলে ও মেয়ে করোনায় আক্রান্ত হয়েছে।
করোনায় আক্রান্ত ভাই বোন এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি এ প্রতিবেদককে জানান, উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে ওই পরিবারের ৪ জনের সংগ্রহ করা নমুনা পরীক্ষার ফলাফলে রবিউলের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায়।
গত ৫ মে তাদের নমুনা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষা জন্য পাঠানো হয়। ওই পরিবারের আরেক সদস্য রবিউলের ছোট বোন (১৯) করোনা পজেটিভ হয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটির কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
একই হাসপাতালে তার ভাই রবিউলকে রোববার দুপুরে পাঠানো হয়েছে। তাদের চিকিৎসা ক্ষেত্রে ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
উল্লেখ্য, ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার আলেয়া খাতুনের (৪৪) লাশ গত রোববার রাতে তথ্য গোপন রেখে দাফন করা হয়। তিনি ওই মহল্লার এরফান আলীর স্ত্রী।