বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ায় দুই নারী পুলিশ কনস্টেবল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৩৭ জন করোনা পজিটিভ হলেন।
শনিবার রাতে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, নওগাঁর বাসিন্দা এ দুই নারী কনস্টেবল ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। গত ২৭ এপ্রিল বদলি হয়ে বগুড়ায় আসেন। তাদের বগুড়া পুলিশ লাইনসে সঙ্গরোধে রাখা হয়েছে।
শরীর থেকে নমুনা সংগ্রহের পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে পাঠানো হয়।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন জানান, শনিবার বগুড়া শজিমেক হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়ার ৫৪ জনের মধ্যে দু’জনের পজিটিভ, জয়পুরহাটের ১১৭ জনের সব নেগেটিভ এবং সিরাজগঞ্জের ১৭ জনের মধ্যে একজনের পজিটিভ। বগুড়ার পজিটিভ দু’জন নারী পুলিশ কনস্টেবল।
এ নিয়ে বগুড়া জেলায় মোট ৩৭ জন করোনাভাইরাস আক্রান্ত হলেন। এর মধ্যে নয়জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
বর্তমানে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিট ও বাড়িতে ২৮ জন চিকিৎসাধীন রয়েছেন।