বাংলা হেডলাইনস: করোনা পরিস্থিতিতে দেড়মাস বন্ধ থাকার পর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ রবিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সীমিত পরিসরে খুলেছে শপিংমল ও মার্কেট।
তবে যথাযথভাবে মানা হয়নি স্বাস্থ্যবিধি। কেনা-বেচায় সঠিকভাবে সামাজিক দূরত্ব মানা হয়নি।
খোলার প্রথম দিনে ক্রেতাদের মোটামুটি ভিড় লক্ষ্য করা যায়।
রাজধানীতে নিউ মার্কেট সংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটে লাইন ধরে গেইট দিয়ে ঢুকতে দেখা যায় ক্রেতা বিক্রেতাদের। ঢোকার সময় সকলের শরীরের তাপমাত্রা স্ক্রিনিং করা হয়।
দোকান মালিকরা বলছে, এই প্রথম স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি মানতে হচ্ছে।তাই প্রথম প্রথম একটু বিশৃঙ্খলা হবে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যদি সরকারের স্বাস্থ্য বিধি না মানতে পারে তবে মার্কেট শপিংমল বন্ধ করে দেবে তারা।
এলিফ্যান্ট রোড, ধানমণ্ডি, মিরপুরে শপিংমলে ঈদ কেন্দ্রিক বেচাকেনা করতে দেখা যায়।
রাজধানীতে মার্কেট-শপিংমল কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, নিউমার্কেট, মৌচাক ও আনারকলি, গুলিস্তান-ফুলবাড়িয়া-রমনা ভবন বন্ধ রয়েছে।
ঢাকার বাইরে খুলনার রেলওয়ে মার্কেটসহ বিভিন্ন মার্কেট ও শপিংমলে ক্রেতাদের বেশ লক্ষ্য করা যায়। যশোর এবং রংপুরে প্রায় সব মার্কেট ও শপিংমল সীমিত পরিসরে খুলেছে।
তবে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বরিশাল এ শপিংমল ও মার্কেট করোনা পরিস্থিতিতে বন্ধ ঘোষণা করা হয়।
সরকার গত ৪ মে পবিত্র রমজান এবং ঈদুল ফিতরকে সামনে রেখে সীমিত পরিসরে দোকান-পাট, শপিংমলগুলো স্বাস্থ্যবিধি মেনে আগামী ১০ মে ২০২০ হতে সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা রাখতে পারবে বলে জানিয়েছে।