বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁয় নতুন করে আরও ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ৮ জনের মধ্যে একজন চিকিৎসক ও একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।
আজ সোমবার সকালে নওগাঁর সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
এ নিয়ে নওগাঁ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৭০ জনে। এর মধ্যে চার চিকিৎসকসহ ১৬ জন স্বাস্থ্যকর্মী ও তিনজন পুলিশ কর্মকর্তা।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল রোববার রাতে ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে পাঠানো ই-মেইলে নওগাঁ থেকে পাঠানো ১৬৫টি নমুনার ফলাফল আসে। প্রতিবেদনে আটজনের করোনা পজিটিভ এসেছে। তাঁদের মধ্যে ছয়জন পুরুষ ও দুজন নারী।
ওই ৮ জনের মধ্যে পত্নীতলা উপজেলায় ৪ জন, বদলগাছী উপজেলায় ২ জন, মান্দা উপজেলায় ১ জন ও ধামইরহাট উপজেলায় ১ জন আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক রয়েছেন। তিনি বদলগাছী উপজেলার মেডিক্যাল অফিসার।
এ ছাড়া পুলিশের একজন এসআইয়ের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি জেলার পত্নীতলা থানায় কর্মরত আছেন।
সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান বলেন, পর্যালোচনা করে জানা যাচ্ছে, নতুন আক্রান্ত ৮ জনের ৭ জনই এ জেলায় পূর্বে আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার ফলে করোনাভারাসে আক্রান্ত হয়েছেন। শুধু একজন সম্প্রতি ঢাকা থেকে ফিরেছেন। তিনি পত্নীতলা উপজেলার বাসিন্দা।
তিনি আরও বলেন, আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যাঁরা গিয়েছিলেন তাঁদের তথ্য যাচাইয়ের কাজ চলছে। ইতিমধ্যে ব্যক্তিদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।