বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁ জেলার প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত নার্সসহ ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
তাঁদের মধ্যে ৬ জন বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছেন। বাকিরা হাসপাতালে ছিলেন।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাঁদের ফুল উপহার দিয়ে বিদায় দেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান।
সুস্থ হওয়া ব্যক্তিদের মধ্যে রানীনগর উপজেলায় ৩ জন, আত্রাই উপজেলায় ৩ জন, মহাদেবপুর উপজেলায় ২ জন ও মান্দা উপজেলায় ১ জন।
তাঁদের একাধিক বার নমুনা পরীক্ষা করা হলে ফলাফল ‘নেগেটিভ’ আসায় তাঁদের সুস্থ ঘোষণা করে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
রানীনগর উপজেলায় করোনামুক্ত ৩ জনের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স দিপা আক্তার ও মোসলেমা আক্তার রয়েছেন। আরেকজন হলেন দিপার স্বামী তুহিন রানা।
তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিট থেকে চিকিৎসা নিয়েছেন। এ জেলায় প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয় দিপা আক্তারের শরীরে।
জেলার আত্রাই উপজেলায় একই পরিবারের ৩ জন বাড়িতে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলে করোনামুক্ত হয়েছেন। তাঁরা হলেন গোয়ালবাড়ী গ্রামের সামাদ আলী, তাঁর মা আনোয়ারা বিবি ও ছেলে সাদিক হোসেন।
এ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোখসানা আক্তার বলেন, ‘ওই তিনজন বাড়িতে থাকলেও আমরা তাঁদের সার্বক্ষণিক পরামর্শ দিয়েছি।
স্বাস্থ্যবিধি মেনে চলায় তেমন কোনো চিকিৎসা ও ওষুধ ছাড়াই তাঁরা সুস্থ হয়েছেন। তাঁদের মনোবল সব সময় চাঙা ছিল। আত্মবিশ্বাসের কারণে তাঁরা দ্রুত সুস্থ হতে পেরেছেন।’
সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান বলেন, তাঁদের একাধিক বার নমুনা পরীক্ষা করা হলে ফলাফল ‘নেগেটিভ’ আসায় ৯ জনকে সুস্থ বলে ছাড়পত্র দেওয়া হয়েছে।
তবে তাঁদের আগামী ১৪ দিন বাসায় কোয়ারেন্টিনে থাকতে হবে। এর মধ্যে তাঁদের শরীরে আর করোনার উপসর্গ দেখা না দিলে তাঁদের পুরোপুরি সুস্থ বলা যাবে।
তিনি আরও বলেন, এ পর্যন্ত নওগাঁ জেলায় করোনাভাইরাস থেকে সুস্থ হলেন মোট ১০ জন।
ছাড়পত্র পাওয়া করোনা জয়ীরা বলেন,‘ প্রথমে করোনা পজিটিভ হওয়ার খবর শোনার পর খুব ভয় পেয়েছিলাম। মনে হয়েছিল আর বোধ হয় বাঁচবো না।
কিন্তু গত ১৪ দিন হোম আইসোলেশন থাকার পর আমরা পূর্ণ সুস্থ হয়ে গেছি। সময়মত চিকিৎসা সেবা পেয়েছি। কোন অসুবিধা হয়নি।’
এর আগে রোববার সাপাহার উপজেলার কামাসপুর গ্রামের খায়রুল ইসলাম রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
উল্লেখ্য, জেলায় মোট ৭০ জন ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়। এর মধ্যে ১০ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।