বাংল হেডলাইনস বগুড়া: বগুড়া শহরে সুরুজ মিয়া (২৬) নামে এক কসাইকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
বুধবার বিকালে শহরের মালগ্রাম চাপড়পাড়ায় তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়।
রাত আড়াইটার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে অতিরিক্ত রক্তক্ষরণ ও বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়।
সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা জানিয়েছেন, পারিবারিক বিরোধে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, শহরের খান্দার এলাকার মৃত ডাবলু কসাইয়ের ছেলে পেশায় কসাই সুরুজ মিয়া পাশ্ববর্তী মালগ্রাম চাপড়পাড়ায় ভাড়া বাসায় থাকেন।
চাচা শ্বশুর রানা, মানিক ও ফিরোজদের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে একপক্ষ সুরুজের পেটসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।
বগুড়া ছিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির এসআই আবদুল আজিজ মন্ডল জানান, হাসপাতালে চিকিৎসক না থাকায় অতিরিক্ত রক্তক্ষরণ ও বিনা চিকিৎসায় রাত আড়াইটার দিকে সুরুজের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। তাকে হত্যার কারণ ও জড়িতদের সনাক্ত করতে তদন্ত চলছে।