বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় নতুন করে ঢাকা ফেরত দুই নার্স করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এরা বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নতুন নিয়োগ পাওয়া নার্স। এ নিয়ে জেলায় মোট ৬১ জন করোনা পজিটিভ হলেন।
ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন শুক্রবার রাতে এ তথ্য দিয়েছেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, শুক্রবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আক্রান্ত দু’জন গত ১৩ মে মোহাম্মদ আলী হাসপাতালে নিযুক্ত নার্স।
ঢাকা ফেরত ২৪ ও ৩০ বছর বয়সী ওই দু’জনের বাড়ি বগুড়ার কাহালুর কালাই ইউনিয়নের কর্ণিপাড়া ও নওগাঁর পত্নীতলায়।
ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, গত ২৯ এপ্রিল থেকে ১৫ মে শুক্রবার রাত ৯টা পর্যন্ত এ জেলায় মোট ৬১ জন করোনা পজিটিভ হন। এর মধ্যে ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।