বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে একদিনে ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
এর মধ্যে কাজিপুর থানার ওসি (তদন্ত) সহ তিন পুলিশ সদস্য ও দুজন স্বাস্থ্যকর্মী এবং একজন পৌরসভার কর্মচারি রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে।
সিভিল সার্জন ডা. মো. জাহিদুল ইসলাম নতুন করে ৯ জনের শরীরে করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মোট ১৮৭ জনের নমুনা রিপোর্ট এসেছে। এরমধ্যে ৯ জনের শরীরে করোনা পজিটিভ এসেছে। বাকী ১৭৮ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
আক্রান্তদের মধ্যে কাজিপুরে ৫ জন সিরাজগঞ্জ সদরের ৩ জন ও বেলকুচির একজন রয়েছেন। কাজিপুরের ৫ জনের মধ্যে ওসি (তদন্ত)সহ তিন পুলিশ সদস্য রয়েছেন। সদরে আক্রান্ত তিনজনের মধ্যে দুজন পৌরসভার স্বাস্থ্যকর্মী ও একজন পৌরসভার সহকারী কর আদায়কারী।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হাসান সিদ্দিকী জানান, ওসি (তদন্ত)সহ তিন পুলিশ সদস্যর করোনা শনাক্ত হওয়ায় কাজিপুর থানা লকডাউন করা হয়েছে। সেইসাথে আক্রান্তদের সংস্পর্শে আসা ওসি তদন্তসহ প্রত্যেককে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
কাজিপুর থানা ভবনকে পুরোপুরি লকডাউন করা হয়েছে এবং থানার সব কর্মকর্তাসহ পুলিশ সদস্যকে কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে।
এদিকে কাজিপুরের আইন- শৃংখলা রক্ষার জন্য একজন ইন্সপেক্টর, দুজন উপ-পরিদর্শক, দুজন সহকারী উপ-
পরিদর্শক ও ১২ জন কনস্টেবলকে নিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও কাজিপুর সার্কেল) স্নিগ্ধা আকতার।