বাংলা হেডলাইনস: গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৬ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৩৮৬ জন।
যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে ৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ১ জন। এদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ৩ জন নারী।
আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
তিনি জানান গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১০,২০৭ টি এবং এর মধ্যে করোনায় শনাক্ত হয়েছে ১৬১৭ জন। এ পর্যন্ত শনাক্ত ব্যক্তির সংখ্যা মোট ২৬৭৩৮ জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে মোট দুই লাখ ৩ হাজার ৮৫২ টি।
ডা. নাসিমা সুলতানা জানান আজকে মোট ৪৩ টি ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। নতুন সংযোজিত ল্যাব ইউনাইটেড হাসপাতাল লিমিটেড।
তিনি জানান গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২১৪ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫২০৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ১৯. ৪৭ শতাংশ এবং একই বিবেচনায় মৃত্যুর হার ১.৪৪ শতাংশ।
অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) বলেন ১৬ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১২ জন এবং বাসায় মারা গেছেন ৪ জন।
বয়স বিশ্লেষণে ০ থেকে ১০ বছরেরে মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চারজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন মৃত্যুবরণ করেছেন।