বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়া শহরে সন্ত্রাসীরা চার নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ফিরোজ মিয়াকে (৩০) কুপিয়ে হত্যা করেছেন। এ সময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে তার দুই সঙ্গী এমরান হোসেন ও মশিউর রহমান আহত হয়েছেন।
তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বিকালে শহরের জহুরুলনগর ব্যাংকপাড়ার একটি ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, পূর্ব কোন বিরোধের জের ধরে ওই এলাকার প্রতিপক্ষ আলাল ও দুলালের নেতৃত্বে এ হামলা হয়।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী ও অন্যরা জানান, ফিরোজ মিয়া শহরের চকসুত্রাপুর এলাকার ফজলার রহমানের ছেলে। তিনি বগুড়া শহর যুবলীগের ৪ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের জহুরুলনগর ব্যাংকপাড়ার মাহী ছাত্রাবাসে ফিরোজ, এমরান ও মশিউরসহ চারজন তাস খেলছিলেন। এ সময় একদল সন্ত্রাসীরা ভিতরে ঢুকে ফিরোজসহ তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে যায়। স্থানীয়রা রক্তাক্ত ফিরোজ, এমরান ও মশিউরকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। কিছুক্ষণ পর ফিরোজ মারা যান।
পুলিশ কর্মকর্তারা জানান, পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় প্রতিপক্ষ আলাল ও দুলালের নেতৃত্বে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে।