বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁর রাণীনগরে গভীর রাতে বাড়িতে ঢুকে রুঞ্জু মন্ডল (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে মূখোশধারী দূবৃত্তরা।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার রাতোয়াল গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত রুঞ্জু মন্ডল ওই গ্রামের শুকবর আলী মন্ডলের ছেলে।
রুঞ্জু মন্ডলের বড় মেয়ে রুমি আক্তার জানান, বৃহস্পতিবার রাতে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। রাত অনুমানিক সাড়ে ১২ টা দিকে মূখোশধারী এক যুবক বাড়ির সাথে লাগানো গোয়াল ঘরের টিনের চালার টিন কেটে বাড়ির রান্না ঘরে প্রবেশ করে পানির মটর চালু করে।
এ সময় আমার নানা মটরের পানি পড়ছে টের পেয়ে মা’কে ডেকে মটর বন্ধ করতে বলেন। আমার বাবা উঠে মটর বন্ধ করার জন্য রান্না ঘরের দরজা খোলা মাত্রই মূখোশধারী ওই যুবক এ্লোপাথারী ভাবে ধারালো অস্ত্র দিয়ে আমার বাবাকে কোপাতে থাকে।
এ সময় আমার মা এগিয়ে গেলে তাকেও কোপ মারে ওই দৃর্বৃত্ত। আমরা সবাই উঠলে হামলাকারী গোয়াল ঘরের দরজা খুলে পালিয়ে যায়। তবে সে কি একাই ছিল নাকি বাইরে আর কেউ ছিল তা বলতে পারেনি রুমি আক্তার।
এছাড়া তার বাবাকেই শুধু হত্যার উদ্দেশ্যে এই হামলা নাকি বাড়িতে ডাকাতি করার কোন পরিকল্পনা ছিল তাও বলতে পারছেনা কেউ। খবর পেয়ে রাতেই রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গুরুত্বর আহত রুঞ্জু মন্ডলকে উদ্ধার করে প্রথমে নওগাঁ পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভোর রাতে মারা যান তিনি।
রুঞ্জু মন্ডল স্থানীয় রাতোয়াল বাজারে ধান, চাল, সার ও তেলের ব্যবসা করতেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানা পুলিশ কাউকে আটক করতে পারেনি।
এ ব্যপারে রাণীনগর থানার ওসি জহুরুল হক জানান, খরব পেয়ে রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতি বা লুটপাটের জন্য এই ঘটনা ঘটেছে এমন কোন আলামত পাওয়া যায়নি। তবে যেই ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে ওই বাড়িতে তার আগে থেকেই যাতায়াত ছিল এবং পূর্ব কোন শত্রুতার জের ধরে হয়তো এঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।