বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ার গাবতলীতে খাদ্য গুদাম থেকে বিক্রি করা ১৫ মেট্রিক টন চালসহ আমজাদ হোসেন শাহীন ওরফে শাহেন শাহ (৫০) নামে এক চাতাল ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার পীরগাছা বন্দরের সাবেকপাড়া খাদ্য গুদামের সামনে ট্রাকসহ চালগুলো জব্দ করা হয়। পুলিশ জনরোষ থেকে বাঁচাতে সরকারি চালগুলো বিক্রির ঘটনায় জড়িত ওই খাদ্য গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) গাজী শফিকুল ইসলাম ও নৈশ প্রহরী সাদেকুল ইসলামকে আটক করেছে।
গাবতলী থানার ওসি নুরুজ্জামান জানান, চালগুলোর ক্রেতার বিরুদ্ধে মামলা হবে। আর সরকারি ওই দুই কর্মচারিকে খাদ্য বিভাগের জিম্মায় দেয়া হয়েছে। দুদক তাদের বিরুদ্ধে মামলা করবে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় সোনাতলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল মজিদের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিন দিনের মধ্যে রিপোর্ট দিবে।
খাদ্য গুদামটি সিলগালা হয়েছে ও জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে। স্থানীয় আবদুল হাকিম ও অন্যরা জানান, ছুটির দিন শুক্রবার সকালে গাবতলীর সাবেকপাড়া সরকারি খাদ্য গুদামের রাস্তায় একটি ট্রাকে চালের বস্তা লোড দেয়া হচ্ছিল। ট্রাক গুদামে না ঢুকিয়ে বাহিরে লোড দেয়ায় জনগণের সন্দেহ হয়।

তখন চাল ক্রেতা ধুনট উপজেলার তারাকান্দি গ্রামের আজাহার আলীর ছেলে চাতাল ও ডিও ব্যবসায়ী আমজাদ হোসেন শাহীন ওরফে শাহেন শাহ, খাদ্য গুদাম কর্মকর্তা গাজী শফিকুল ইসলাম এবং নৈশ প্রহরী সাদেকুল ইসলাম জনরোষের শিকার হন। খবর পেয়ে গাবতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ভর্তি ১৫ মেট্রিক টন চালসহ ক্রেতা শাহেন শাহকে গ্রেফতার ও দুই সরকারি কর্মচারিকে আটক করে থানায় নিয়ে যায়।
গাবতলী উপজেলা খাদ্য কর্মকর্তা হারুনার রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় খাদ্য গুদাম কর্মকর্তা ও নৈশ প্রহরীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করবেন। ঘটনার পরপরই সাবেকপাড়া খাদ্য গুদাম সিলগালা করা হয়েছে।