বাংলা হেডলাইনস বগুড়া: অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মঙ্গলবার দুপুরে বগুড়ায় শ্যামলী পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএম রাশেদুল ইসলামের ভ্রাম্যমান আদালত নওগাঁ ছেড়ে আসা ঢাকাগামী বাসটি থামিয়ে এ জরিমানা করেন।
আদালত সূত্র জানায়, করোনাভাইরাস সংক্রমণের কারণে ৬৬দিন গণপরিবহণ বন্ধ ছিল। সরকার স্বাস্থ্যবিধি মেনে ১ জুন থেকে মালিক ও শ্রমিকদের বাস চলাচলের নির্দেশ দেয়। প্রতিটি গাড়িতে এক সিট ফাঁকা রেখে যাত্রী তুলতে এবং এ ক্ষতি পুষিয়ে নিতে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধিও করা হয়েছে।
১ জুন সকাল থেকে মালিক ও শ্রমিকরা সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে জেলার বিভিন্ন রুটে বাস চলাচল শুরু করেন। জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ সরেজমিন পরিদর্শনও করেছেন।
দুরপাল্লার বাসগুলোতে সরকার নির্ধারিত ভাড়া আদায় করা হচ্ছে কী না তা খতিয়ে দেখতে মঙ্গলবার দুপুরে শহরতলির ছিলিমপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএম রাশেদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বসানো হয়।
বেলা সাড়ে ১২টার দিকে নওগাঁ ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস থামানো হয়। নওগাঁ থেকে ঢাকার ভাড়া আগে ৪০০ টাকা থাকলেও নতুন করে ৬৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু এক যাত্রীর টিকিট নিয়ে দেখা যায় তার কাছে ৮০০ টাকা আদায় করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএম রাশেদুল ইসলাম জানান, সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করায় অভিযোগ প্রমাণ হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শ্যামলী পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বাসের লোকজন জরিমানার টাকা পরিশোধ করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানান, জনস্বার্থে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।