বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জ জেলা কেন্দ্রীয় বাস-টার্মিনালে স্থাপন করা হয়েছে স্থায়ী জীবাণুনাশক ট্যানেল । ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে যাতায়াতকারী যাত্রীসাধারণকে করোনার সংক্রমন থেকে রক্ষা করতেই জেলা প্রশাসনের উদ্যোগে
এই টানেল স্থাপন করা হয়েছে। বুধবার দুপুরে এই টানেলের ভিতরে প্রবেশ করে নিজের শরীর জীবাণুমুক্ত করার মধ্য দিয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
টানেল উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ, জেলা ট্রাক-কাভার্ড ভ্যান-লরি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি লিয়াকত আলী ভান্ডারী, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল, সহ-সভাপতি কাইউম খান ও সাধারণ সম্পাদক মোস্তফা কামালসহ বিভিন্ন পরিবহনের নেতৃবৃন্দ।
উদ্বোধনকালে এস এম ফেরদৌস বলেন, সরকারী নির্দেশনায় কিছু শর্ত সাপেক্ষে সীমিতভাবে গণপরিবহন চলাচল শুরু করেছে। যাত্রীসাধারণকে করোনার সংক্রমণের ঝুঁকিমুক্ত করতেই অধিক লোকসমাগমের এলাকাগুলোতে জীবাণুনাশক টানেল বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ইতিমধ্যে জেলা হাসপাতাল, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ লাইনস, জেলা কারাগার, মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদসহ ৮টি স্থানে টানেল বসানো হয়েছে। পর্যায়ক্রমে আরও গুরুত্বপূর্ণ স্থানে এই ধরণের জীবাণুনাশক টানেল বসানো হবে। জীবাণুমুক্ত করতে সকলকে টানেল ব্যবহার করার অনুরোধ করেন তিনি।
মানিকগঞ্জ বাস টার্মিনালে জীবাণুনাশক টানেল স্থাপনের জন্য জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেন, যাত্রীরা এই টানেল পথে পরিবহনে
যাতায়াতে জীবাণুমুক্ত হবে। এতে সংক্রমণ রোধ হবে। পরিবহন মালিক সমিতির উদ্যোগে পাটুরিয়াগামী যাত্রীদের জন্য মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে একটি এবং পাটুরিয়া ফেরিঘাটের লঞ্চ টার্মিনালের সামনে আরো একটি জীবাণুনাশক টানেল স্থাপন করার উদ্যোগ নেয়া হয়েছে। শিগগিরেই ওই দুইটি টানেল বসানো হবে।