বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিট থেকে অক্সিজেন সিলিন্ডারের দুটি ফ্লো মিটার চুরির অভিযোগে কর্মচারিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার শহরের একটি ক্লিনিক থেকে চুরি হওয়া দুটি মিটার উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার তিনজন হলো হাসপাতালের পরিচ্ছতাকর্মী শহরের ঠনঠনিয়া এলাকার হীরা লাল (৪০), শহরে শান্ত পলি ক্লিনিকের ব্যবস্থাপক শিবগঞ্জের দহিলা গ্রামের ফেরদৌস আলম (৪০) ও একই ক্লিনিকে কর্মচারি শাজাহানপুরের পারটেখুর গ্রামের ঠান্ডু মিয়া (৫০)।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল জানান, কোভিড ওয়ার্ডে ভর্তি এক চিকিৎসকের অক্সিজেন নেওয়ার কথা বলে নার্সদের কাছে পরিচ্ছন্নতাকর্মী হীরালাল একটি ফ্লো মিটার চেয়ে নেন। এছাড়া অপর একটি ওয়ার্ডের নার্সদের কাছে আরেকটি ফ্লো মিটার নেন।
এরপর হীরা লাল মিটার দুটি বাহিরের একটি ক্লিনিকে বিক্রি করে দেন।
এছাড়া অক্সিজেনের একটি খালি সিলিন্ডার চুরির চেষ্টা করা হয়েছিল। সেটা হাসপাতালের পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।
ডা. শফিক আরো জানান, হীরা লাল এর আগেও কিছু জিনিসপত্র চুরি করেছেন।
তাকে জিজ্ঞাসাবাদ করলে সে দুটি ফ্লো মিটার ক্লিনিকে বিক্রির কথা স্বীকার করে। এ ব্যাপারে শুক্রবার রাতে সদর থানায় মামলা করা হয়।
সদর থানার এসআই খোরশেদ আলম জানান, শনিবার দুপুরে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী হীরা লালকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সে চুরির কথা স্বীকার করে।
পরে তার স্বীকারোক্তিতে শহরের ঠনঠনিয়া এলাকায় শান্ত পলি ক্লিনিকে অভিযান চালিয়ে দুটি ফ্লো মিটার উদ্ধার করা হয়। এরপর এসব তিন হাজার টাকায় কেনার অপরাধে ক্লিনিকের ব্যবস্থাপক ফেরদৌস আলম ও একই ক্লিনিকে কর্মচারি ঠান্ডু মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।