বাংলা হেডলাইনস রাজশাহী : রাজশাহীর বাগমারায় স্কুলছাত্রীর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই বখাটেকে গ্রেপ্তার করেছে বাগমারা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত বখাটেরা হলেন, উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বাইগাছা গ্রামের আবদুল হালিম (২৪) ও সাব্বির হোসেন (১৯)। তারা এলাকায় বখাটে হিসাবে পরিচিত।
তাদের বিরুদ্ধে পর্ণোগ্রাফি আইনে মামলা দায়েরের পর পুলিশ থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দুই বখাটেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত বখাটেদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন বলে বাগমারা থানার পুলিশ জানিয়েছেন।
গ্রেপ্তারকৃত বখাটেরা নিজেদের অপরাধের কথা স্বীকার করে এই ঘটনার জন্য অনুতপ্ত বলে পুলিশকে জানিয়েছেন।
যোগাযোগ করা হলে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, মামলা দায়েরের পরেই পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত দুই বখাটেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।