আপেল মাহমুদ. বাংলা হেডলাইনস রাজশাহী: সুস্থ ঘোষণার পরের দিন রাজশাহীর চারঘাটে এক করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান।
মৃতের নাম মনসুর রহমান (৩৮)। তার বাড়ি চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের ঝিকরা গ্রামে।
তিনি পাবনার রুপপুর পারমানিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রতিষ্ঠানের গাড়ি চালক ছিলেন।
সরদহ ইউনিয়নের চেয়ারম্যান হাসানুজ্জামান মধু জানান, করোনা পজেটিভ আসার পর হোম আইসোলেশনে থেকে তিনি চিকিৎসা নিয়েছেন। করোনা শনাক্ত হওয়ার ১৮ দিন পর তিনি সুস্থ হয়েছেন বলে স্থানীয় প্রশাসন তার বাড়ি লকডাউন খুলে দেয়। পরের দিনে তিনি মারা গেছেন।
রাজশাহী সিভিল সার্জন ডা. এনামুল হক বলেন, গত ২০ জুন তার সর্বশেষ নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। পরের দিন তাকে সুস্থ ঘোষণা করে তার বাড়ির লকডাউন খুলে দেয়া হয়।
তবে তার হার্টের সমস্যা ছিল। হার্টেরও চিকিৎসা নিচ্ছিলেন তিনি। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের পরামর্শ দেয়া হয়েছে বলে জানান তিনি।