বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : মোবাইলে অশ্লীল ভিডিও দেখতে সঙ্গ না দেয়ায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ইয়ামিন (১০) নামের এক শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
নির্মম এ হত্যাকান্ডের তিন দিন পর পুলিশ বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ী চরের একটি পাটক্ষেত থেকে মঙ্গলবার বিকেলে নিখোঁজ শিশু ইয়ামিনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। ইয়ামিন রান্ধুনীবাড়ী চর গ্রামের লালচাঁন শেখের ছেলে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একই গ্রামের আবুল কালামের ছেলে সুমন (২০) কে গ্রেফতার করেছে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, গত ২৭ জুন শিশু ইয়ামিন নিখোঁজের ব্যাপারে তার বাবা লাল চাঁন শেখ থানায় সাধারণ ডায়েরি করার পর পুলিশ তদন্ত শুরু করে।
এ তদন্তে ডিজিটাল পদ্ধতিতেও শিশুটিকে খুঁজে বের করার চেষ্টার সূত্র ধরে মঙ্গলবার দুপুরে সন্দেহভাজন সুমনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সুমন, ইয়ামিনকে হত্যার কথা স্বীকার করার পর তাকে সাথে নিয়ে রান্ধুনীবাড়ী চরের একটি পাটক্ষেত থেকে ইয়ামিনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদে সুমন জানায়, ঘটনার দিন ইয়ামিনকে ওই পাটক্ষেতে নিয়ে সুমন মোবাইলে অশ্লীল ভিডিও দেখায় এবং ভিডিও দেখার সময় তাকে সঙ্গ দিতে বলে। এতে রাজী না হওয়ায় ইয়ামিনকে গলাটিপে হত্যা করে লাশ পাটক্ষেতে রেখেই পালিয়ে যায় সে।
এ ব্যাপারে বেলকুচি থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আজ বুধবার আদালতের মাধ্যমে আসামী সুমনকে জেলহাজতে পাঠানো হয়েছে।