বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে পৃথক দুটি ধর্ষণ মামলায় বাবাসহ ২ আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার হরিনাথপুর চর গ্রামের শাহজাহান আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৫) ও তাড়াশ উপজেলার হামকুড়িয়া উত্তর শেখপাড়া গ্রামের মৃত ছকিরের ছেলে আমজাদ হোসেন (৫০)।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-১২’র হাটিকুমরুল প্রধান কার্যালয়ের হলরুমে র্যাব-১২’র অধিনায়ক (সিও) লেঃ কর্নেল মোঃ খায়রুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, বেলকুচি উপজেলার হরিনাথপুর চর গ্রামের ১৫ বছর বয়সী কিশোরী মায়ের বিবাহ বিচ্ছেদ হওয়ায় সৎ মা ও বাবার আশ্রয়ে বসবাস করছিল। প্রায় ১ বছর ধরে তার বাবা তাকে বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে তাকে জোরপূর্বক ৬/৭ বার ধর্ষণ করে।
ওই কিশোরী তার পাষণ্ড বাবার ধর্ষণ নির্যাতন সহ্য করতে না পেরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় গত ২৭ জুন সংশ্লিষ্ট থানায় ধর্ষণ মামল দায়ের করা হয়।
এ মামলার প্রেক্ষিতে বুধবার রাতে ঢাকার যাত্রাবাড়ী পশ্চিম জনতা বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই নিষ্ঠুর বাবা মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়।
এদিকে তাড়াশ উপজেলার ৫ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় আমজাদ হোসেনকে গ্রেফতার করা হয়। প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, উক্ত তাড়াশ উপজেলার হামকুড়িয়া গ্রামের ৫ বছরের শিশুকে গত ৮ মে বিকেলে স্থানীয় মান্নান নগর বাজারের নির্জন স্থানে একটি অটোভ্যানের মধ্যে ধর্ষণের চেষ্টা করা হয়।
এতে শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে একই রাতে ওই বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কাশেম, সিনিয়র এএসপি শফিকুল ইসলাম, এএসপিমহিউদ্দিন মিরাজ, এএসপি মোঃ এরশাদুর রহমান (মিডীয়া অফিসার) উপস্থিত ছিলেন।