বাংলা হেডলাইনস খুলনা : খুলনা-৬ আসন থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট শেখ মোঃ নুরুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নুরুল হক করোনা নেগেটিভ হওয়ার এক সপ্তাহ পর মৃত্যুবরণ করলেন।
বুধবার (২৯ জুলাই) দুপুর ২ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নুরুল হকের মৃত্যুর কথা তার বড় ছেলে শেখ মনিরুল ইসলাম নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্র জানায়, তিনি গত ৯ জুলাই করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে ১০ জুলাই সন্ধ্যায় খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। অবস্থা সংকটাপন্ন হলে ১২ জুলাই তাকে ঢাকায় স্থানান্তর করেন চিকিৎসকরা।
ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ জুলাই তার নমুনায় করোনা নেগেটিভ এসেছিল। তবে শারিরীক অবস্থান সংকতাপন্ন হওয়ায় তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, নুরুল হক খুলনা-৬ আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।