বাংলা হেডলাইনস কুড়িগ্রাম : বিএনপি সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেন সরকারের লোকজন প্রধানমন্ত্রীকে খুশি করতে বলছেন করোনা নিয়ন্ত্রণে রয়েছে। করোনাতো নিয়ন্ত্রনে নেই বরং ব্যাপক বিস্তার লাভ করছে। দেখা দিয়েছে মহামারী আকারে।
কুড়িগ্রামে সাংবাদিকদের বিএনপি’র পক্ষ থেকে সুরক্ষা সামগ্রী বিতরণকালে রিজভী এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে এক হাজার সার্জিক্যাল মাস্ক, ৪৫টি পিপিই, হ্যান্ড সেনিটাইজার ও সাবান বিতরণ করা হয়।
রিজভী বলেন ঢাকাতে যে ব্যাপক মাত্রায় বিস্তার লাভ করেছিল তা এখন মফস্বল ও জেলা শহরগুলোতে ছড়িয়ে পড়েছে মহামারী আকারে। কুড়িগ্রামেও করোনায় মৃত্যুর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যকে ইঙ্গিত করে বলেন,‘সুন্দর সুন্দর কথা বললেও করোনা মোকাবিলায় সরকারের কোন প্রস্তুতি না থাকায় করোনা মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। করোনা সুরক্ষা সামগ্রি বিতরণেও ব্যর্থ হয়েছে সরকার।
সিনিয়র যুগ্মমহাসচিব অভিযোগ করেন স্বাস্থ্য খাত দূর্নীতিতে নিমজ্জিত। এর সঙ্গে সরকার দলীয় লোকজনই জড়িত।
তিনি আরও বলেন, কুড়িগ্রাম পশ্চাদপদ জেলা হলেও এখানকার মানুষের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের গৌরব উজ্জ্বল ইতিহাস থাকা সত্বেও এ অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি।
তিনি বলেন এ অঞ্চলের মানুষ এবারে দীর্ঘ সময় ধরে বন্যা মোকবিলা করলেও অসহায় বানভাসিদের জন্য সরকারের সহায়তা যথেষ্ট নয়।
আজ মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে সৈয়দ শামসুল হক মিলনায়তনে সাংবাদিকদের সুরক্ষা সামগ্রি বিতরণকালে তিনি এই বক্তব্য দেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশেদুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সহ সভাপতি আবু বকর সিদ্দিক, মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান হাসিব, ব্যারিস্টার রবিউল আলম সৈকত প্রমুখ।